বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ছেলে নিহত, পাশাপাশি দাফন
এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে ফেরার পথে ছেলে নুরে আলম (৩৮) ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আকিদুল ইসলাম নামে সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার। (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর এলাকায় পারিবারিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়। বাবার মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা যায়, নুরে আলমের বাবা জসিম উদ্দিন (৮৫) বার্ধক্যজনিত কারণে বুধবার বিকালে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার সকালে তার দাফনের কথা ছিল। বাবার মৃত্যুর খবর পেয়ে নুরে আলম তার ভায়রাভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরা থেকে দৌলতপুরের বাড়ির উদ্দেশে রওনা হন। স্বস্তিপুর এলাকায় পৌঁছালে তারা একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়।
আরও পড়ুন: বিরোধী দলের আপত্তিতেও র্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস
নুরে আলম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় শরীরের ওপর দিয়ে আরেকটি ট্রাকের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আকিদুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পরে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরে আলমের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে মরদেহ নিজ বাড়ি লালনগরে নিয়ে আসা হয়। দুপুরে লালনগর গোরস্থান মাঠে বাবা-ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়।
নিহত নুরে আলম বৈবাহিক ও কর্মসূত্রে মাগুরায় বসবাস করে আসছিলেন। বাবাকে শেষবারের মতো দেখতে এসে তাকেও নিথর দেহে বাড়ি ফিরতে হলো। বাবার মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, বুধবার বিকালে লালনগর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে নুরে আলম মাগুরা থেকে তার ভায়রাভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।কুষ্টিয়ার ভেতরে পৌঁছালে দুর্ঘটনায় মারা যান তিনি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান, রাতে স্বস্তিপুর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা যায়নি।
