বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, জনমনে ক্ষোভ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝুলছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করা হয় বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা ও মুক্তিযোদ্ধা কামালুজ্জামান।
তিনি বলেন, “সোমবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা ভাস্কর্যে জুতা ঝুলিয়ে দেয়। দুপুরে খবর পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা সরিয়ে ফেলি। এর কয়েক মাস আগেও নির্মাণাধীন এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছিল।”
আরও পড়ুন: ‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ফেসবুকে ছবি দেখে বিষয়টি তাঁদের নজরে আসে। বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
এদিকে এ ঘটনার জেরে সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
