পিয়া জান্নাতুলের অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
জান্নাতুল ফেরদৌস পিয়া। ছবি : সংগৃহীত
প্রাণনাশের হুমকির অভিযোগে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বনানী থানা পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিন জিডির তদন্তের অনুমতি বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় পিয়া জান্নাতুল নিজেও আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, শুনানি শেষে আদালত অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর বনানী থানায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন পিয়া। জিডিতে তিনি উল্লেখ করেন, এক নারীর ন্যায়বিচার ও নিরাপত্তার পক্ষে আইনি ও মানবিক অবস্থান নেওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে হুমকির মুখে রয়েছেন।
আরো পড়ুন : প্রাক্তন সহকারীকে নিয়ে বিপাকে অহনা, কী ঘটেছে?
অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, অজ্ঞাত নম্বর থেকে ফোনে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি গত প্রায় তিন মাস ধরে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
এসব ঘটনায় নিজের পাশাপাশি পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি সুরক্ষার আবেদন জানান পিয়া জান্নাতুল।
জিডিতে তিনি আরো স্পষ্ট করেন, অতীতে বা বর্তমানে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং অভিযোগের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত নয়।
