দেশত্যাগ করতে পারবেন না খায়রুল হক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি : সংগৃহীত
আদালতের অনুমতি ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। তবে তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, সর্বশেষ মামলায়ও জামিন বহাল থাকায় যেকোনো সময় খায়রুল হক কারামুক্ত হতে পারেন।
এদিকে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন।
গত ২ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। পরে বনানী থানার মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়।
আরও পড়ুন: কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
এর আগে গত ৩০ জুন যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতিকে জামিন দেন হাইকোর্ট।
গত ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে নতুন করে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এর আগে ১৬ মে মামলাটিতে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল।
