×

আইন-বিচার

‘মানবতাবিরোধী অপরাধ’

সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেপ্তারে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেপ্তারে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শাপলা চত্বরের ঘটনায় মামলা

২০১৩ সালের ৫ মে ব্লগারদের শাস্তির দাবিতে মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। ওই সমাবেশকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় সহিংসতা ও তাণ্ডবের ঘটনা ঘটে। পরে রাতে যৌথ বাহিনীর অভিযানে হেফাজতের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ আগস্ট শাপলা চত্বরের ওই ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। এর পরিপ্রেক্ষিতে নতুন করে তদন্ত শুরু হয়।

প্রসিকিউশনের দাবি, ট্রাইব্যুনালের তদন্তে ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকাসহ চার জেলায় অভিযানকে কেন্দ্র করে ৫৮টি হত্যার তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দাবি এসেছে।

আরও পড়ুন: বিসিএস প্রশ্নফাঁস: পিএসসি কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে

গত ২৭ জুলাই এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে সেদিন পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তাদের মধ্যে আজিজ আহমেদও রয়েছেন।

শাপলা চত্বরের ঘটনার সময় আজিজ আহমেদ বিজিবির মহাপরিচালক ছিলেন। পরে ২০১৮ সালের ২৫ জুন থেকে ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ইন্টারপোলের নিয়ম অনুযায়ী, কোনো দেশের বিচারিক কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের আদেশের ভিত্তিতে কোনো পলাতক ব্যক্তিকে শনাক্ত, খুঁজে বের ও সাময়িকভাবে গ্রেপ্তারে সদস্য দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ হিসেবে রেড নোটিস জারি করা হয়।

তবে রেড নোটিস নিজে কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। সংশ্লিষ্ট দেশে কাউকে গ্রেপ্তার করা হবে কি না, সে সিদ্ধান্ত দেশটির নিজস্ব আইন অনুযায়ী নেওয়া হয়।

দুদকের তদন্তেও আজিজ

শাপলা চত্বরের মামলা ছাড়াও আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০২৪ সালের সেপ্টেম্বরে আজিজ আহমেদ ও তার দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় দুদক। ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ক্রয়সংক্রান্ত অনিয়মের অভিযোগগুলো তদন্তের আওতায় রয়েছে।

এর আগে ২০২৪ সালের মে মাসে আজিজ আহমেদকে ‘উল্লেখযোগ্য দুর্নীতিতে’ জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের অভিযোগের মধ্যে ছিল সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ, এক ভাইকে অপরাধের দায় থেকে রক্ষা করতে সহায়তা, সামরিক ক্রয়চুক্তিতে অনিয়ম এবং সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে ঘুষ গ্রহণ।

আরও পড়ুন: তদন্তে অবৈধ স্থাপনা প্রমাণিত, উচ্ছেদে ধীরগতি

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আজিজ আহমেদ। নিষেধাজ্ঞার পর তিনি দাবি করেন, তিনি রাজনীতি বা ব্যবসার সঙ্গে জড়িত নন এবং নিষেধাজ্ঞার কারণ নিয়ে তিনি বিস্মিত।

আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

আজিজ আহমেদকে ঘিরে অভিযোগের বড় অংশ জনসম্মুখে আসে ২০২১ সালের ফেব্রুয়ারিতে আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রকাশের পর।

প্রতিবেদনটিতে আজিজ আহমেদ, তার কয়েকজন ভাই এবং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে তার এক দণ্ডিত ভাইকে আইনি ঝামেলা থেকে রক্ষা, বিদেশে সম্পদ ও ব্যবসা গড়ে তুলতে সহযোগিতা এবং সামরিক ও সরকারি পদে নিয়োগ ও ক্রয়চুক্তিতে প্রভাব বিস্তারের অভিযোগও ছিল।

প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘অপপ্রচার’ বলে উল্লেখ করে। আজিজ আহমেদও অভিযোগগুলোকে ‘মিথ্যা, সাজানো ও স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র’ বলে অস্বীকার করেন।

এ ছাড়া আজিজ আহমেদের পরিবারের সদস্যদের পরিচয় ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েও পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

বেরোবিতে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতক সন্তানকে ‘হত্যা’

ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতক সন্তানকে ‘হত্যা’

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

মার্কিন-ইরান আলোচনায় বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

মার্কিন-ইরান আলোচনায় বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App