×

আইন-বিচার

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা ৪ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা যাচাই করতে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কাফরুল থানাধীন নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন জেরিকা তাসনিম দিশা। এ ছাড়া ঘটনার আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এও গিয়েছিলেন।

তদন্তে আরও উঠে এসেছে, একটি মোটরসাইকেল গ্যারেজে এ মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একসঙ্গে দেখা গেছে।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, তাহসিফের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে অবস্থানের পাশাপাশি মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন দিশা। নিহতের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর) পর্যালোচনা করেও ঘটনার আগে তাদের মধ্যে একাধিকবার ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে দাবি করেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যার মূল রহস্য উদঘাটন, অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

যেভাবে নিখোঁজ হন তাহসিফ

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

ঘটনার রাতে একটি সিসিটিভি ফুটেজে উত্তরার একটি রেস্টুরেন্টে তাহসিফ, দীপ ও দিশা নামের এক তরুণীকে প্রবেশ করতে দেখা যায়।

ফুটেজে দেখা গেছে, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই রেস্টুরেন্টে পৌঁছান তাহসিফ, দীপ ও দিশা। তারা মোটরসাইকেলে সেখানে যান। পরে আরও একটি মোটরসাইকেলে দীপ পৌঁছান। এরপর তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।

রেস্টুরেন্টের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। পরে তিনজন একসঙ্গে লিফটে ওঠেন।

প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। এরপর মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

তবে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তারা কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ওই সময়ের গতিবিধি ও হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে?

জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ছে?

১৭৭ কারখানায় ছুটি ঘোষণা

১৭৭ কারখানায় ছুটি ঘোষণা

যেসব কারণে নতুন কাঠামোতে বেতন পায়নি লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী

যেসব কারণে নতুন কাঠামোতে বেতন পায়নি লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App