শ্রমিক অসন্তোষ
মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি : সংগৃহীত
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি অন্য কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় তাঁর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় সরকার মজুরি বোর্ড গঠন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লাগায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় বিলম্ব হয়।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
বিক্ষোভের একপর্যায়ে দুপুর ১২টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
