প্রধান বিচারপতি
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের মাধ্যমে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
তিনি বলেন, বিচারপতির আসনে বসে যে রায় দেওয়া হয়েছিল, তা লজ্জাজনক। এ ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও উল্লেখ করেন তিনি।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনজনই। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।
এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তবে আপিল শুনানিতে প্রশ্ন ওঠে, অভিযোগে উল্লেখিত অপরাধ সংঘটনের সময় আমিনুজ্জামান ফারুকের বয়স ছিল মাত্র ১৩ বছর। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন বিচারপতিরা।
