ইরানকে ফের ৬০ দিনের আল্টিমেটাম ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:২৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আবারও ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো না গেলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের জন্য সুখকর হবে না।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। খবর সামা টিভির।
ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানের পক্ষেই তার অবস্থান। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৬০ দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় আমরা এমন কিছু করব, যা তাদের ভালো লাগবে না। তবে তিনি একই সঙ্গে বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে বলে তিনি মনে করেন না।
ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই নতুন সতর্কবার্তা সামনে এলো।
আরো পড়ুন : আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে প্রায় ৭০০ জাহাজ এ প্রণালি দিয়ে চলাচল করছে এবং সামুদ্রিক পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে নতুন করে উত্তেজনা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌপরিবহন বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
ট্রাম্প বলেন, পরিস্থিতি খারাপ হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। কারণ বিলিয়ন ডলারের জাহাজের মালিকেরা মাথার ওপর ক্ষেপণাস্ত্র উড়তে বা পানিতে মাইন ছড়িয়ে থাকতে দেখতে চান না।
বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এর নিরাপত্তা আন্তর্জাতিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
