এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ইউরোপের ‘শেনজেন ভিসা’র আদলে একটি ভিসা দিয়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ শিগগিরই চালু হতে পারে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।
৬ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জানান, নতুন এই ভিসা ব্যবস্থা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্য ভ্রমণ আরও সহজ হবে। একটি ভিসা নিয়েই পর্যটকেরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত—এই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন।
তবে ভিসার ফি, মেয়াদ ও চালুর নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ এটি দ্রুত চালুর জন্য সমন্বিতভাবে কাজ করছে।
এই উদ্যোগের যাত্রা শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। ওই সময় ছয় দেশের পর্যটনমন্ত্রীরা এক বৈঠকে প্রস্তাবটিতে সম্মতি দেন। পরের মাসে দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে অনুমোদন দেন। সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী বলেছেন, এই উদ্যোগ পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের মানুষের কাছে একটি একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে।
শুধু বিদেশি পর্যটকদের জন্য নয়, জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকদের যাতায়াত সহজ করতেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে নতুন বিমান ভ্রমণ সুবিধা চালু হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা প্রথম বিমানবন্দরেই ডিজিটাল ও বায়োমেট্রিক ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ফলে গন্তব্য দেশে পৌঁছানোর পর তাদের আবার পাসপোর্ট যাচাইয়ের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।
সব মিলিয়ে মুক্ত বাণিজ্য ও সহজ যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সমন্বিত এই ভিসা তারই গুরুত্বপূর্ণ অংশ। এটি চালু হলে বিশ্বের পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভ্রমণ ও যাতায়াত আরও সহজ হবে।
সূত্র: খালিজ টাইমস
