হুথিদের মোকাবিলায় ইসরাইলের সহায়তা চাইছে সৌদি আরব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইসরাইলের কাছ থেকে সহায়তা নিতে যোগাযোগ করছে সৌদি আরব। এ উদ্যোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অজ্ঞাত কূটনৈতিক ও সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরাইলও।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের সঙ্গে সৌদি আরবের যোগাযোগের মূল উদ্দেশ্য হুথিদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। এসব তথ্যের ভিত্তিতে হুথিদের সম্ভাব্য হামলা ও কার্যক্রম মোকাবিলায় সৌদি আরবের নিরাপত্তা পরিকল্পনা সাজানোর চেষ্টা চলছে।
ইসরাইল হায়োম জানিয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেন্টকমের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে হুথিদের বিষয়ে ইসরাইলের কাছ থেকে গোয়েন্দা সহায়তা নেওয়ার বিষয়টিও ওই উদ্যোগে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ইসরাইলের পাশাপাশি মিসর ও উপসাগরীয় অন্যান্য আরব দেশের কাছ থেকেও একই ধরনের সহায়তা চেয়েছে সৌদি আরব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির সরকারকে হুথিদের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছে। তাদের আশঙ্কা, এমন পদক্ষেপ নিলে ইসরাইল সৌদি-হুথি সংঘাতের মধ্যে জড়িয়ে পড়তে পারে।
হারেৎজ দুটি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরাইলি সামরিক কর্মকর্তারা রাজনৈতিক নেতৃত্বকে হুথি ইস্যুতে সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগের মধ্যে নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন।
