রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রাজশাহীতে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন বলে জানা গেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদ্রাসা মাঠে তাফসির মাহফিল ঘিরে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় পকেটমারের ঘটনা ঘটতে পারে— এমন আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি ছিল। বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে জানিয়ে আরএমপির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় আরও জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শনিবার বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমানেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
