যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য চার থেকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছে তেহরান। শর্ত পূরণ না হলে প্রণালি পুনরায় খুলবে না এবং ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।
ইরানি কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। এসব শর্ত মেনে নেওয়ার পরই হরমুজ প্রণালি খোলার বিষয়ে অগ্রসর হবে তেহরান। একই সঙ্গে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসারও কোনো সুযোগ নেই বলে জানান রেজাই।
তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য আলোচনায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে। আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আস্থা পুনর্গঠনের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে।
রেজাই আরও বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না। তেহরান নতুন যে কূটনৈতিক পথ বেছে নিয়েছে, সেটিই অব্যাহত থাকবে। ইরানের জনগণের আস্থা অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রকে কথার পরিবর্তে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রেজাই হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরানের কয়েকটি শর্তের কথা জানিয়েছিলেন। এর মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসান, ইরানের ওপর মার্কিন সামরিক চাপ ও বন্দর অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয় রয়েছে।
এদিকে ইরানের বিমান চলাচলে বাধা দিতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন রেজাই। ইরানি বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
