×

ময়মনসিংহ

ডেপুটি স্পিকার

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:১৫ পিএম

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ছবি : সংগৃহীত

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বশীল কাজে গাফিলতিও দুর্নীতির অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (১৬ মে) নেত্রকোনার কলমাকান্দায় প্রথম ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই জেলার কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আমি নিজেও দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।’ এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট সমাজসেবা বিভাগ ও প্রশাসনের প্রতি সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রথমে হতদরিদ্র, এরপর অতি দরিদ্র এবং পরে দরিদ্রদের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতায় অনেক প্রকৃত অসহায় মানুষ তালিকার বাইরে রয়ে গেছেন।

তিনি বলেন, নির্বাচনের সময় আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছি। তখন বলেছিলাম- এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।’

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে দরিদ্র মা-বাবা, স্বামীহারা নারী ও অসহায় পরিবারগুলোকেই অগ্রাধিকার দিতে হবে।

তথ্য সংগ্রহে ত্রুটির অভিযোগ তুলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীরা অপেক্ষাকৃত সচ্ছল বাড়িতে গেছেন, কিন্তু যেসব ঘরে বসার চেয়ার নেই, ছনের চাল নেই কিংবা ঘরে ঢোকাও কষ্টকর- সেই প্রকৃত দরিদ্র পরিবারগুলোর কাছে পৌঁছানো হয়নি।

তিনি ভবিষ্যতে এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, প্রথমবার হওয়ায় ভুলত্রুটি হতে পারে। তবে পরবর্তীতে এ ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। অন্যথায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গারো, হাজং, বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের ৭৯৪ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ২ হাজার ৫১৫ টাকা করে বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, লেংগুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বাঙালি ও হিন্দু সম্প্রদায়ের ৭৯৪ জনের মাঝে এ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. শাহআলম, ইউএনও এস এম মিকাইল ইসলাম ও লেংঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

সাগরে গভীর নিম্নচাপ

সাগরে গভীর নিম্নচাপ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্কছাড় দিল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App