আরও ১২১ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত
ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে রোববার (১৫ নভেম্বর) ৬৫টি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৫৬টিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে ৬৫টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকরের সুযোগ রয়েছে। অন্যদিকে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ জানিয়েছিল, শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হতে পারে।
এদিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাদের কেউ কেউ আবার উৎপাদন শুরুর বিষয়ে চিন্তাভাবনা করছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও একই ধরনের আশ্বাস দিয়েছেন।
মজুরি বৃদ্ধির প্রস্তাব প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি জানান, সোমবার বোর্ডের কাছে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবে কত টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। তবে উৎপাদন চালানো সম্ভব না হলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি অনুসরণ করে কারখানা বন্ধ করতে হতে পারে।
কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে উৎপাদন বন্ধের কারণ হিসেবে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তবে তাদের কেউ কেউ পরে কাজে ফিরেছেন।
এদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকদের বাইরে জড়ো হতে দেখা যায়। শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন কারখানা এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
