উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন তিনি।
গত শনিবার ও রোববার পৃথক বৈঠকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের এসব নির্দেশনা দেন তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।
বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতারা অংশ নেন। এ সময় নেতাদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান।
রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে নেতাকর্মীদের যতটা সম্ভব বাহিনীকে সহযোগিতা করতে হবে।
বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
এর আগে শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেও বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়তে ছাত্রদল নেতাদের সতর্ক করেন বিএনপির চেয়ারম্যান।
এদিকে রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। সংসদ অধিবেশনের বিরতির সময় তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য, সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে। দলের নেতাকর্মীদেরও চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না।
তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন বিএনপির চেয়ারম্যান।
