×

জাতীয়

চারপাশের চাটুকাররা প্রধানমন্ত্রীকে অন্ধ করে রেখেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

চারপাশের চাটুকাররা প্রধানমন্ত্রীকে অন্ধ করে রেখেছে

রাজধানীর গণস্বাস্থ্য নগর কেন্দ্রের অডিটোরিয়ামে বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির আলোচনা সভা অতিথিরা। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার চারপাশে চাটুকাররা আপনাকে অন্ধ করে রেখেছে। দয়া করে চোখ খুলে জনগণের মনের কথাটা বুঝুন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত করবেন না। বিরোধীদলের উপর হামলা-মামলা বন্ধ করুন। আবোল-তাবোল বলে জাতিকে ভুল বোঝানো উচিত না। দেশের মানুষকে এতো বোকা ভাববেন না। এই দেশ যুদ্ধ করে শত্রু মুক্ত করা হয়েছে সুতরাং এ দেশ নিয়ে কোন ষড়যন্ত্র সফল হবে না।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর কেন্দ্রের অডিটোরিয়ামে বাংলাদেশ কল্যাণ পার্টির নির্বাহী কমিটির মিটিং ও আলোচনা সভা হয়। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে এবং মহাসচিব আবদুল আউয়াল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস, মিসেস ফোরকান ইব্রাহীম, প্রফেসর আবদুল মান্নান, লে. কমান্ডার ফয়সা্ল মেহেদী, ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান, আলী হোসাইন, মাহমুদ খানসহ অন্যান্য নেতারা। ‘বাংলাদেশ: পিসফুল ট্রান্সিশন অব পাওয়ার, প্রোবলেমস এন্ড প্রসপেক্টস’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতার ৫২ বছরেও আমরা একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরপন্থা প্রতিষ্ঠিত করতে পারিনি। সর্বজন স্বীকৃত যেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল তাও আজ বিলুপ্ত করা হয়েছে। স্বৈরাচারকে গদি থেকে সরাতে সবচাইতে বেশি গণ আন্দোলনের প্রয়োজন হয়, আমরা আজ সেই কঠিন আন্দোলন সংগ্রামে আছি। আমরা অবশ্যই আন্দোলনে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বাকশাল গঠনতন্ত্রের অনেক কিছুই শেখ মুজিব বাস্তবায়ন করে যেতে পারেনি তবে বিগত কয়েক বছরে তার কন্যা তার বেশির ভাগই বাস্তবায়ন করে ফেলেছে। যদি এই সরকার কোনভাবে আবার ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে সকল দলের রাজনীতি নিষিদ্ধ করে একদলের রাজনীতি চিরস্থায়ী করবে। কিন্ত বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা তা হতে দিবো না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম। তিনি বলেন, আমরা অনেকেই সমস্যাগুলো অনুধাবন করি কিন্তু সঠিক সময়ে সঠিক কথাগুলো আমরা তুলে ধরতে ভয় পাই বিধায় আমরা আমাদের অধিকার আদায়ে ব্যর্থ হই। আমাদের অধিকার সচেতন হতে হবে এবং নির্ভয়ে সত্য প্রকাশ করতে হবে, তবেই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার সমূহ ফিরে পাবো।

সভায় কল্যাণ পার্টির মহাসচিব বলেন, দেশ ও দেশের মানুষকে স্থায়ী শান্তি দিতে হলে দরকার সুষ্ঠু ও টেকসই পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে তার বাস্তবায়ন। সে লক্ষ্যে কল্যাণ পার্টি নিরলস কাজ করে যাচ্ছে। এর অন্যতম পূর্বশর্ত হল, অবাধ ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করা।

কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকীব বলেন, ড. মুহাম্মদ ইউনুস জাতির শ্রেষ্ঠ সন্তান। উনার উপর অযথা হয়রানি আমাদের জন্য লজ্জা। আন্তর্জাতিক মহলও ড. ইউনুসকে হয়রানির নিন্দা জানাচ্ছে। এটি পুরো বাংলাদেশের জন্য হতাশাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App