সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১১:৩১ এএম
নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে বিচার হবে। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে। নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় জুলাই গণহত্যার প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। কাজ করতে হবে দল-নিরপেক্ষভাবে।
নাহিদ ইসলাম আরো বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো। গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।
মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। সেই রাতে সেই ফ্ল্যাটে তারা দুজনের সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান তখন পাঁচ বছর বয়সী মাহির সরওয়ার মেঘ। তাকে উদ্ধৃত করে পুলিশ তখন জানিয়েছিল, খুনি ছিল দুজন।

আলোচিত ওই হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপর বছরের পর বছর গড়ালেও হত্যা রহস্যের কিনারা হয়নি। হত্যাকাণ্ডের পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের রোমান। বিভিন্ন সময়ে মোট আটজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনও পান।
