প্রকাশ্যে ভোট
সহকারী প্রিসাইডিং-পোলিং অফিসার বরখাস্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে প্রকাশ্যে ভোট দিতে বাধা না দেওয়ার অভিযোগে এক সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিরুনীয়া দাখিল মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছে কয়েকজন যুবক।
কিন্তু তাতে নিজের নাম বা কোন প্রার্থীর এজেন্ট, তা পরিচয় পত্রে লিখা নেই। শুধু প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।
বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডং অফিসার মুজিবুর রহমান জানান, আসলে আমি একটু অসুস্থ্যবোধ করছিলাম, তাই খেয়াল করিনি। এসময় সংবাদকর্মীদের সামনে তিনি এজেন্টদের নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ স্বতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম জানান, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এটা প্রহসনের নির্বাচন।
এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিসাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট দিতে ভোটারকে বাধা না দেওয়ায় কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও দুজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
