প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে বাধা, ভারতীয় দূত তলব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। এর প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়েকে জরুরি তলব করা হয়েছে।
সোমবার (১৫ জুন) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান তাকে তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চান।
গত রোববার (১৪ জুন) ঢাকা থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে নেমে তিনি দেশটিতে প্রবেশে বাধা পান। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, ‘ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ফেরত আসা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুঃখজনকও বটে।’
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং দিনশেষে সরকার এ বিষয়ে পদক্ষেপ জানাবে।
