স্থানীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি, ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত
আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হতে পারে। এ নির্বাচন সামনে রেখে আগামী ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের তফসিল আগামী আগস্টের মাঝামাঝি সময়ে ঘোষণা হতে পারে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে কমিশন।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি চলছে। সরকার সিদ্ধান্ত দিলেই যাতে নির্বাচন আয়োজন করা যায়, সে লক্ষ্যে কমিশন কাজ করছে। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তারা স্থানীয় সরকার নির্বাচনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন ২০২৭ ও ২০২৮ সালের দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোডম্যাপে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নির্বাচন হয়নি।
এদিকে, দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি বর্তমানে নির্বাচন উপযোগী। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় নির্বাচন আয়োজন সম্ভব নয়।
নতুন পাঁচটি উপজেলাসহ বর্তমানে দেশে মোট উপজেলা ৫০০টি। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সব উপজেলাই নির্বাচন উপযোগী রয়েছে।
এ ছাড়া নতুন সিটি করপোরেশন বগুড়াসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে সবগুলো সিটি করপোরেশনই নির্বাচন উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে।
