বান্দরবানে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান চলমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২ জুন) এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৮ জুন বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।
অভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
সকলকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো যাচ্ছে।
