প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক অর্জনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে তাদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল মেধা বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় শিক্ষার্থীরা তাদের বিজয়ী প্রকল্প, গবেষণাকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে অংশ নিতে তাদের উৎসাহিত করেন।
প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় সফলতা কামনা করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া দলের সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।
এ সময় প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
