সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা স্থগিত করার পর এবার মোটরযান রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া মাসিক আর্থিক সুবিধা অর্ধেকে নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে এ খাতে মাসে ৫০ হাজার টাকা দেওয়া হলেও তা কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
একই সঙ্গে দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ পাওয়া সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রেষণ (ডেপুটেশন) না দিয়ে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়টিও বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক সুবিধা কমতে পারে।
গত ৯ জুলাই অর্থ বিভাগ এ-সংক্রান্ত দুটি পৃথক চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠায়।
বর্তমানে উপসচিব থেকে ঊর্ধ্বতন পর্যায়ের সরকারি কর্মকর্তারা গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের সুবিধা পেয়ে থাকেন। সম্প্রতি সরকার এ সুবিধা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় এবার মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সীমিত সরকারি সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে মোটরযান রক্ষণাবেক্ষণ খাতে প্রদত্ত আর্থিক সুবিধা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্য চিঠিতে উল্লেখ করা হয়, দেশে বা বিদেশে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপ পাওয়া কর্মকর্তারা পড়াশোনা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় বাবদ আর্থিক সহায়তা পান। পাশাপাশি প্রেষণে থাকায় তারা সরকারি বেতন-ভাতাও পেয়ে থাকেন। এ কারণে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার সুযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পূর্ণ স্কলারশিপ বা ফেলোশিপপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে অর্থ বিভাগ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এ নির্দেশনা বাস্তবায়িত হলে শিক্ষা ছুটিতে থাকা কর্মকর্তারা বর্তমানে যে পূর্ণ বেতন-ভাতা পান, তার পরিবর্তে অর্ধেক বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
