দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এবং একজন মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়া এলাকার বাসিন্দা। মর্মান্তিক এ খবরে দুই জেলাতেই শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে কুইন্সটাউনে আলীরটেক ইউনিয়নের রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিরার চর এলাকার ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিণ কালিন্দিপাড়ার রাজিক বেপারী (৫২)।
নিহত রাজিক বেপারী দক্ষিণ কালিন্দিপাড়ার মৃত সালাম বেপারীর ছেলে। স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে মাত্র আড়াই মাস আগে স্বজনদের সহায়তায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। বর্তমানে তার স্ত্রী সন্তানসম্ভবা।
অন্যদিকে, নিহত আপন আহমেদের বাবা আলী মিয়া সন্তানের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ছেলের লাশ হয়ে ফেরার খবর মেনে নেওয়া অত্যন্ত কষ্টের।
এদিকে, নিহতদের স্বজনরা সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দক্ষিণ আফ্রিকার এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্বজনদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে যে সহায়তা ও ক্ষতিপূরণের সুযোগ রয়েছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।
