×

জাতীয়

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম

গ্যাসের অভাবে থমকেছে গাড়ি, নিভেছে গৃহস্থালির চুলা

ছবি: সংগৃহীত

তীব্র গ্যাস সংকটের প্রভাব ছড়িয়ে পড়েছে ঢাকাসহ সারা দেশের সিএনজি স্টেশন, বাসাবাড়ি ও শিল্প খাতে। পর্যাপ্ত প্রেসার না পেয়ে রাজধানীর একের পর এক ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি চুলা না জ্বলায় রান্নাবান্নাসহ প্রাত্যহিক কাজে ভোগান্ত পোহাচ্ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিভিন্ন সিএনজি স্টেশন পরিদর্শনে দেখা যায়, পর্যাপ্ত চাপ না থাকায় বহু পাম্প সার্ভিস বন্ধ রেখেছে। যেসব স্থানে সীমিত সরবরাহ রয়েছে, সেখানেও জ্বালানি নিতে চালকদের ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব ও ব্যক্তিগত গাড়ির চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনিক উপার্জনে।

ধানমন্ডির এক সিএনজিচালক বলেন, ‘আগে দিনে একবার গ্যাস নিয়ে সারাদিন গাড়ি চালানো যেত। এখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক সময় গ্যাস পাওয়া যায় না। এতে আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে।’

ট্যাক্সিক্যাব চালক মিজান বলেন, ‘গ্যাসের অভাবে নির্ধারিত ট্রিপ বাতিল করতে হচ্ছে। যাত্রী ফিরিয়ে দিতে হওয়ায় চালক ও যাত্রী—উভয়ই ভোগান্তিতে পড়ছেন।’

চানখাঁরপুল এলাকার সিএনজিচালক সবুজ বলেন, ‘কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এসে দেখেন স্টেশন বন্ধ। বাইরে ‘লাইনে গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো রয়েছে। গাড়ি না চলালে আমাদের সংসার চালানো কষ্ট।’

অপরদিকে, গ্যাসের স্বল্পচাপের কারণে রাজধানীর সিংহভাগ এলাকার বাসাবাড়িতে দিনের বড় অংশজুড়ে রান্নাবান্না বন্ধ থাকছে। জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বাসিন্দারা বিকল্প হিসেবে কোথাও এলপিজি গ্যাস, আবার কোথাও ইলেকট্রিক চুলা ব্যবহারে বাধ্য হচ্ছেন; যা মধ্যবিত্তের পকেটে বাড়তি টান ফেলছে।

মিরপুরের বাসিন্দা তাসলিমা বলেন, ‘সকালে চুলা জ্বলে না, দুপুরেও একই অবস্থা। রাতে সামান্য গ্যাস এলে তখন রান্না করতে হয়। একটি তরকারি রান্না করতেও অনেক সময় লাগছে।’

গ্যাসের স্বল্পচাপের প্রভাব পড়েছে শিল্পকারখানাতেও। অনেক কারখানায় প্রয়োজনীয় গ্যাস না থাকায় উৎপাদন কমে গেছে। কোথাও সীমিত পরিসরে উৎপাদন চললেও উৎপাদন ব্যয় বেড়েছে এবং সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে থাকবেন।

অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশের চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের কারণে এলএনজি খালাস ব্যাহত হয়েছে। ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামতের কাজ চলছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এলএনজি কার্গো খালাস সম্ভব হবে না। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় রান্নার গ্যাসের চাপ কমে যাওয়ার পাশাপাশি গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র পরিচালনাতেও সমস্যা দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি সিলেট যাবেন আগামীকাল, নিরাপত্তায় যা থাকছে

রাষ্ট্রপতি সিলেট যাবেন আগামীকাল, নিরাপত্তায় যা থাকছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App