ময়মনসিংহে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রিফাত (১৪) নামে এক কিশোর মারা গেছেন। এছাড়াও বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টা দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের ডেঙ্গু সামারি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে।
আরো পড়ুন: সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা
বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু রয়েছে। রোগীদের হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড সূত্র জানা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগীর চাপ আরও বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী পৃথক ডেঙ্গু ওয়ার্ডের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
