রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক দায়িত্ব: সালাহউদ্দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:০২ এএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের (ইসি) সাংবিধানিক এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানান, এটি ছিল দলের নিয়মিত বৈঠক। এতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর দল প্রার্থী চূড়ান্ত করবে। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই সম্পন্ন হবে। একজন প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রীর আগের ঘোষণার ভিত্তিতে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। সে অনুযায়ী বিএনপিও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
আরো পড়ুন : হঠাৎ বেড়েছে বোমা আতঙ্ক
এর আগে গুলশানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কর্মকাণ্ড এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
