কীভাবে কাটবেন জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি : সংগৃহীত
দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার) থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে জাদুঘরে প্রবেশ করতে হলে আগে থেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ভিত্তিক প্রবেশব্যবস্থা চালু করায় নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং সম্পন্ন করতে হবে।
বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য অনলাইন টিকিট ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।
যেভাবে অনলাইনে টিকিট বুক করবেন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিজের সুবিধামতো তারিখ ও সময় নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট বুকিং সম্পন্ন করা যাবে। নির্ধারিত সময় অনুযায়ী জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন দর্শনার্থীরা।
টিকিটের মূল্য
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
জাদুঘরে যা যা রয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত এই জাদুঘরে স্থান পেয়েছে শহীদদের আত্মত্যাগের নানা তথ্য, গুম ও নির্যাতনের দলিল, ঐতিহাসিক আলোকচিত্র, ভাস্কর্য এবং বিভিন্ন প্রতীকী স্থাপনা। এছাড়া বিভিন্ন গ্যালারিতে বিগত দেড় দশকের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ, আন্দোলনের নথি এবং সংশ্লিষ্ট নানা উপকরণ প্রদর্শন করা হয়েছে।
জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত প্রতীকী শহীদ কবর এবং আন্দোলনের বিভিন্ন মুহূর্তভিত্তিক ভাস্কর্যও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। এর মধ্যে শহীদ মুগ্ধের পানি বিতরণের দৃশ্য, এক রিকশাচালকের সালাম জানানোর মুহূর্ত এবং শহীদ আহনাফের মায়ের উদ্দেশে লেখা চিঠির প্রতিরূপ বিশেষভাবে প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
