×

জাতীয়

সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে সংসদ সচিবালয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে শিগগিরই নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠানো হবে।

জানা গেছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে জামায়াতে ইসলামী এরই মধ্যে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় থেকে ইসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

এরপর নির্বাচন কমিশন সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করলে বিষয়টি সংসদের পরবর্তী অধিবেশনে জানানো হবে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের এ বিষয়ে অবহিত করবেন।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জামায়াতের পক্ষ থেকে স্পিকারের কাছে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এখন সংসদ সচিবালয়ের দায়িত্ব হলো আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া। পরে কমিশন তাদের সিদ্ধান্ত সংসদ সচিবালয়কে জানাবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে যে বার্তা দিতে চায় জামায়াত জোট

এর আগে গত ২৩ জুলাই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওই চিঠি দেন।

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। এরপর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

তবে সংশ্লিষ্টদের মতে, শুধু দল থেকে বহিষ্কার হলেই সংসদ সদস্য পদ বাতিল হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর পদ শূন্য হতে পারে। আবার সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, নৈতিক স্খলনের কারণে কোনো সংসদ সদস্য দুই বছরের বেশি সময়ের কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁর সদস্যপদ বাতিলের বিধান রয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, গাজী নজরুল ইসলাম দল থেকে পদত্যাগ করেননি এবং সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধেও ভোট দেননি। অন্যদিকে, নৈতিক স্খলনের অভিযোগে তাকে বহিষ্কার করা হলেও এ বিষয়ে কোনো আদালতের রায় বা কারাদণ্ড হয়নি। ফলে সংবিধানের ওই বিধান সরাসরি প্রযোজ্য নয় বলেও তিনি জানান।

আরও পড়ুন: প্রত্যেকে ডাকো, সব জায়গায় আগুন দেবে

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওগুলো নিয়ে জামায়াতের পক্ষ থেকে সাংগঠনিক তদন্ত করা হয়। তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

জামায়াতের পক্ষ থেকে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ২২ জুলাই দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাঁর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়।

গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে এবার তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১ সালে প্রথমবার একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট’

তথ্য উপদেষ্টা ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট’

ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ব্রিকস সম্মেলন ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App