রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট শেষ হওয়ার পরই ফলাফল জানানো হবে।
এর আগে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। বিষয়টি তাদের জন্য দুঃখজনক ও হতাশার।
সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ও বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত। সরকারি দলের রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা তাদের আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন।
নূরুল ইসলাম মণি আরও বলেন, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রমও ফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে।
তিনি জানান, সংসদে মোট ভোটার ৩৪৯ জন। নির্ধারিত সময়ের আগেই ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা করে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে ভোটগ্রহণ বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে এরপর ফলাফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ জানান, প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এ কাজে সংসদ সচিবালয় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।
প্রায় সাড়ে তিন দশক পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেন ইসি সচিব আখতার আহমেদ। বৈঠকে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ, নির্বাচন কমিশন সচিবসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।
এদিকে, আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
