শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে শিগগিরই চিকিৎসকসহ প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকা স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালের বাস্তব পরিস্থিতি জানতে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: মন্ত্রিসভায় রদবদলের আভাস, আসছে একাধিক পরিবর্তন
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, ইতোমধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংকট, ওষুধের ঘাটতি এবং রোগীদের সেবা গ্রহণের জটিলতা কমাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পরিকল্পনাগুলো বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উপজেলা হাসপাতালে চালু হবে ডায়ালিসিস
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও আধুনিক করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে উপজেলা হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালিসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা উপজেলা পর্যায়ে আরও সম্প্রসারণ করা হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে।
শিগগির স্বাস্থ্য কার্ড
স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নতুন উদ্যোগ হিসেবে শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম চালুর কথাও জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপাসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
