সরকার গঠনের ৬ মাস
অর্জনের চিত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। পরবর্তীতে ওই বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।
নতুন সরকার গঠনের ছয় মাস পূর্ণ হওয়া উপলক্ষে সরকারের সার্বিক কার্যক্রম ও অর্জন তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এ মতবিনিময় শুরু হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
এ সভায় মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত থাকবেন। মতবিনিময়কালে তারা গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।
আরো পড়ুন: নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার খরচ সরকার বহন করবে
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সভায় সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন উপদেষ্টা, মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেবেন।
এসময় উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
এ ছাড়া উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।
