আজ ঢাকায় আসছে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: সংগৃহীত
আজ ঢাকায় আসছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ‘কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’ (সিআইআই)-এর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই তাদের এই সফর। আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) কর্মকর্তারা জানিয়েছেন, ‘ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের ঢাকা সফরকে সামনে রেখে একটি প্রস্তুতিমূলক দল ইতোমধ্যে রাজধানীতে কাজ শুরু করেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নানা টানাপোড়েনের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।’
গত দুই বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন বাস্তবতায় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক নতুন করে গতিশীল করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি এফবিসিসিআই ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তাদের সঙ্গেও তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন: রাজধানীতে ৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
এ ছাড়া প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে বলে এফবিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই সফরে অংশ নিচ্ছেন। প্রতিনিধি দলে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম ও অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। তবে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা রয়েছে। ভারত থেকে বাংলাদেশের আমদানির তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার।
সিআইআইয়ের মতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
সংগঠনটির দৃষ্টিতে, অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, অশুল্ক বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামো উন্নত করা গেলে দুই দেশের বাণিজ্য আরও ব্যাপকভাবে বাড়ানোর সুযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, এবারের সফরে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা, বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।
