ঢাকায় আসছেন আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
আজ রাজধানী ঢাকায় আসছে নব্বইয়ের দশকের আলোচিত আর্জেন্টাইন ফরোয়ার্ড ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।
ফর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে অনুষ্ঠিত হবে ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর ফাইনাল। বিকেল ৩টা ১৫ মিনিটে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। ৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালের মধ্য দিয়েই শেষ হবে এবারের আসর।
ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সেখানে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ৫৯ বছর বয়সী ক্যানেজিয়া।
দিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে খেলেছেন ক্যানেজিয়া। বিশেষ করে ১৯৯০ বিশ্বকাপে তার পারফরম্যান্স আজও স্মরণীয়। ব্রাজিল ও ইতালির বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও হলুদ কার্ডের কারণে পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি।
আরো পড়ুন: রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সর চুক্তি
১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ৫০টি ম্যাচ খেলেছেন ক্যানেজিয়া। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১৬টি।
বাংলাদেশ সফরে শুধু টুর্নামেন্টের ফাইনালেই উপস্থিত থাকবেন না ক্যানেজিয়া। তিনি ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শনের পাশাপাশি দেশের বয়সভিত্তিক ও তৃণমূল ফুটবলের উন্নয়ন নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও রয়েছে আলোচনায়।
আয়োজকদের লক্ষ্য, স্কুল পর্যায়ে প্রতিযোগিতামূলক ফুটবলের পরিসর বাড়ানো এবং তরুণ খেলোয়াড়দের বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়া। ক্যানেজিয়ার মতো বিশ্বকাপজয়ী তারকার উপস্থিতি সেই উদ্যোগে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
