পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। এ ক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনের খসড়া ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে।
এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং সম্পন্ন হলে এসআরও নম্বর দিয়ে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেলসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন পে-স্কেলের রেজুলেশন বুধবার বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসবে। পরে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট প্রকাশ করা হবে।
নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে। গেজেট প্রকাশের পরই নতুন বেতন কাঠামোর কার্যকর হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হবে।
