আজ প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সফরকে ঘিরে যেমন নেওয়া হয়েছে জোরদার প্রশাসনিক প্রস্তুতি, তেমনি স্থানীয় বাসিন্দাদের মাঝেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও আগ্রহ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের পথে রওনা হবেন রাষ্ট্রপতি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে। এরপর তিনি জেলা সার্কিট হাউজে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার প্রয়াত বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।
পরে তিনি শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে যাবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের প্রথম রাতে তিনি নিজ বাসভবনেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এ কর্মসূচি শেষে তিনি নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার খাবেন ও বিশ্রাম নেবেন। পরে সার্কিট হাউজে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা রয়েছে।
আরো পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, চলাচলের রুট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হয়ে নিজ এলাকার মানুষের কাছে ফিরে আসা স্থানীয়দের জন্য গর্ব ও আবেগের বিষয়। ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তাকে স্বাগত জানাতে জেলার মানুষ প্রস্তুত বলে জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথমবারের মতো নিজ জেলা সফর ঠাকুরগাঁওবাসীর জন্য আনন্দ ও গর্বের। জেলার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানান, রাষ্ট্রপতির ৬ ও ৭ সেপ্টেম্বরের সফরকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচিগুলো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।
তিনি জানান, প্রয়োজন অনুযায়ী এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রাষ্ট্রপতির নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
