আজই কি পে-স্কেলের গেজেট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম
ছবি : সংগৃহীত
বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেলের গেজেট আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা এবং একাধিক সম্ভাব্য তারিখ পার হওয়ার পর আজকের দিনটি ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত আজই গেজেট প্রকাশ হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেলের খসড়া তৈরির পর তা বিভিন্ন প্রশাসনিক ধাপ পেরিয়েছে। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় ভেটিং শেষে এখন গেজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১০ সেপ্টেম্বরকে গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হলেও সরকারপক্ষ থেকে নির্দিষ্ট সময় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে আজ গেজেট প্রকাশ না হলে সেটিকে সরাসরি বিলম্ব হিসেবে দেখার সুযোগ নেই। তবে দিনের যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন পে-স্কেলে মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডের মূল বেতন, ধাপে ধাপে বেতন বৃদ্ধির পদ্ধতি, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা থাকবে। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নতুন কাঠামোয় তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানো হয়েছে। ২০তম গ্রেডের বর্তমান ৮ হাজার ২৫০ টাকা মূল বেতন বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
তবে নতুন বেসিকের পুরোটা একসঙ্গে কার্যকর হবে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই তিন ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত অংশের ৪০ শতাংশ, ৩০ শতাংশ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে নতুন বেসিক কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ২০ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং ২০ হাজার টাকা।
প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং ১ লাখ ৫৬ হাজার টাকা।
নবম গ্রেডেও মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। এ গ্রেডের বর্তমান ২২ হাজার টাকা মূল বেতন বেড়ে হবে ৪৪ হাজার টাকা। তিন ধাপে এ গ্রেডের বেসিক দাঁড়াবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং ৪৪ হাজার টাকা।
এদিকে নতুন পে-স্কেলে বর্ধিত মূল বেতন কার্যকর হলেও সব ধরনের ভাতা একই সময়ে নতুন হারে দেওয়া হবে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামোয় ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের বেতন কাঠামো, ধাপে ধাপে বাস্তবায়ন এবং ভাতা-সুবিধার বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে।
