আ.লীগ নেতাদের নির্বাচনে আসা নিয়ে যা বললেন শাহে আলম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে বিএনপির অবস্থান কী হবে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হচ্ছে না। ফলে এখানে আওয়ামী লীগ দলীয় পরিচয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীকও থাকছে না।
প্রতিমন্ত্রী বলেন, আইন অনুযায়ী যোগ্যতা থাকা সব বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। যেহেতু এটি দলীয় নির্বাচন নয়, তাই কোনো প্রার্থী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটি আলাদা বিষয়।
আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের বার্তা জানতে চাইলে মীর শাহে আলম বলেন, সরকারের বার্তা পরিষ্কার। দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। ফলে আইন অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে যাদের যোগ্যতা রয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে প্রার্থী দেবে না। তবে স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে। দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায় থেকেও প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য স্থানীয় নেতাদের সর্বোচ্চ চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো বিশেষ সুবিধা বা আলাদা অবস্থান পাবে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের ভূমিকা থাকবে নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করা।
মীর শাহে আলম আরও বলেন, বৈধ প্রার্থীরা যাতে নিরাপদে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারেন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। এ জন্য নির্বাচন কমিশনকে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।
