চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
সরকারি দায়িত্ব পালন এবং ব্যক্তিগত চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফরে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) তার দেশ ছাড়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
জানা গেছে, মন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। গত ১ সেপ্টেম্বর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসার সময় তার রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছিল।
এ বিষয়ে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, আগামী ১৩ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে। সেখানে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সরকারি কিছু কাজ শেষে ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
