পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর আনুষ্ঠানিকতা শেষ হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পে-স্কেলের প্রজ্ঞাপনের রেজল্যুশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ করে সেটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করা হবে। এরপর এসআরও নম্বর ইস্যু করে গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ হবে।
অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর নতুন পে-স্কেলের রেজল্যুশন বিজি প্রেসে পাঠানো হয়। সেখানে প্রক্রিয়া শেষে তা অর্থ মন্ত্রণালয়ে আসে। পরে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ভেটিং কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গেজেট প্রকাশে সরকার অযথা সময়ক্ষেপণ করতে চায় না। প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা শেষ হলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এর আগে ৩১ আগস্ট মন্ত্রিসভায় নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি চলতি সপ্তাহে এ-সংক্রান্ত আদেশ জারির কথা জানিয়েছিলেন।
আরো পড়ুন: পে স্কেল নিয়ে বড় সুখবর
নতুন পে-স্কেলে তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা বেশি সুবিধা পাবেন। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার প্রায় ১৪২ শতাংশ।
অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। এই গ্রেডে মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ।
তবে ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতন একবারে পুরোপুরি কার্যকর হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ধাপে ধাপে নতুন মূল বেতন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সব আনুষ্ঠানিকতা শেষে গেজেট প্রকাশ হলেই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন, ধাপ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত বিষয়গুলো আরও স্পষ্ট হবে।
