প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর একটি বৈঠকে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে নিজামুল হক নামে এক সাংবাদিককে আটক করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক নিজামুল হক ডেইলি প্রেজেন্ট টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বলে জানা যায়।
আরো পড়ুন: ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কৃষি মন্ত্রণালয়ে আগমন উপলক্ষে আয়োজিত সভায় অনুমোদিত তালিকায় নাম না থাকা সত্ত্বেও জোর করে প্রবেশের চেষ্টা করেন নিজামুল হক। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ সদস্যরা তাকে আটক করে সচিবালয় নিরাপত্তা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আমাদের একজন কর্মকর্তা সচিবালয়ে গেছেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
