অর্থমন্ত্রী আমির খসরু অসুস্থ, বাতিল যেসব কর্মসূচি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম
ফাইল ছবি
অসুস্থ বোধ করায় রোববারের (১৩ সেপ্টেম্বর) একাধিক পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
রোববার রাতে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কয়েক দিন ধরেই আমির খসরুর কাশি ছিল। তবে গত দুই দিন ধরে কাশির প্রকোপ বেড়েছে। এ কারণে তিনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন। অতিরিক্ত কাশির কারণে মন্ত্রী কিছুটা দুর্বলও বোধ করছেন।
অসুস্থতার কারণে রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। বিকেল ৪টায় শুরু হওয়া ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল।
এ ছাড়া রোববার রাতে তাঁর আরও কয়েকটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। শারীরিক অসুস্থতার কারণে সেসব কর্মসূচিতেও অংশ নেওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবগুলো কর্মসূচিই বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
এদিকে সোমবারের কর্মসূচি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে মোহাম্মদ সেলিম বলেন, সোমবার অর্থমন্ত্রীর দু-একটি কর্মসূচি রয়েছে। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সেগুলোতে তিনি অংশ নিতে পারবেন কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে বাসায় চিকিৎসা নেওয়ার পর আমির খসরু আগের তুলনায় কিছুটা সুস্থ বোধ করছেন বলেও জানান তাঁর সহকারী একান্ত সচিব।
এর আগে গত ১ মার্চ অসুস্থ বোধ করায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাঁকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
