ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
সভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে দলটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক সমন্বয় সভায় এ ঘোষণা দেওয়া হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সভায় দুই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করেন। পরে সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।
এসময় ২ সিটির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড-ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহিদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন তিনি।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক সমস্যা, সাংগঠনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ে দলের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: ‘জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে’
সভায় নাহিদ ইসলাম ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে নিয়মিত ও সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আন্দোলনে হতাহতদের পরিবার যাতে প্রয়োজনীয় সহযোগিতা ও রাজনৈতিকভাবে যথাযথ সমর্থন পায়, সে বিষয়ে নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন এনসিপির আহ্বায়ক।

এ ছাড়া আওয়ামী লীগের ‘নাশকতামূলক তৎপরতা’র বিষয়ে সতর্ক থাকার এবং এ ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। মহানগরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয় সভায়।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ঘোষিত প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন। এ সময় তারা মহানগরের বিভিন্ন সমস্যা, সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতি এবং দলীয় কর্মকৌশল নিয়েও নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করল এনসিপি। একই সঙ্গে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে সমন্বয় সভা আয়োজনের মাধ্যমে ওয়ার্ড পর্যায়েও নির্বাচনী প্রস্তুতি শুরু করার ইঙ্গিত দিয়েছে দলটি।
