×

জাতীয়

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন (গেজেট) জারি হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। অনেকেরই প্রশ্ন, অনুমোদনের পরও গেজেট প্রকাশের প্রক্রিয়া কোথায় আটকে আছে।

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে ইঙ্গিত দেওয়া হলেও এখন পর্যন্ত তা প্রকাশিত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, “এক সপ্তাহের মধ্যে গেজেট হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এ কারণে সবাই চিন্তিত।”

তবে সাবেক আমলারা বলছেন, গেজেট প্রকাশে কিছুটা সময় লাগা অস্বাভাবিক নয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের মতে, মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন প্রকাশের আগে একাধিক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এসব কাজ শেষ হতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও সময় লাগতে পারে।

কেন সময় লাগছে

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়কে বিস্তারিত প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করতে হয়। এতে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা কীভাবে কার্যকর হবে, তার বিস্তারিত নির্দেশনা যুক্ত করা হয়।

সাবেক সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ বলেন, শুধু বেসামরিক কর্মকর্তা-কর্মচারী নয়, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, সরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও নতুন কাঠামো কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করতে হয়। এসব বিষয় চূড়ান্ত করতেই সময় লাগে।

খসড়া প্রস্তুত হওয়ার পর সাধারণত তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে আইনি যাচাই করা হয়। সেখানে সংবিধান ও বিদ্যমান আইন-কানুনের সঙ্গে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কি না, পাশাপাশি আইনি ভাষা ও পরিভাষার যথার্থতা পরীক্ষা করা হয়।

আইন মন্ত্রণালয়ে যায়নি খসড়া

বিভিন্ন গণমাধ্যমে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর খবর প্রকাশিত হলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, রোববার পর্যন্ত তা আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি।

আইন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত সপ্তাহে এক-দুই দিনের মধ্যে খসড়াটি ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছিল। কিন্তু রোববার পর্যন্ত সেটি তাদের কাছে পৌঁছায়নি।

অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি আটকে থাকার মতো কিছু নয়। গেজেট প্রকাশের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও কারিগরি কাজ শেষ করতে কিছুটা সময় লাগছে। বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা চূড়ান্ত করার কাজ চলছে। খুব শিগগিরই খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

অতীতেও সময় লেগেছিল

সরকারি চাকরিজীবীদের সর্বশেষ জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। ওই বছরের ৭ সেপ্টেম্বর অষ্টম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পেলেও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হয় ১৫ ডিসেম্বর। অর্থাৎ অনুমোদন থেকে গেজেট প্রকাশে প্রায় সাড়ে তিন মাস সময় লেগেছিল।

সাবেক কর্মকর্তাদের মতে, এবারও একই ধরনের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। তাই কিছুটা বিলম্বকে অস্বাভাবিক মনে করার কারণ নেই।

কতটা বাড়ছে বেতন

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ২০তম গ্রেডে প্রায় ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকার জানিয়েছে, নতুন পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হবে এবং এটি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এই বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।

এর আগে জাতীয় বেতন কমিশন ২০২৫ সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। সেই সুপারিশ এবং পরবর্তী পর্যালোচনা কমিটির মতামতের ভিত্তিতেই নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে।

ফলে সরকারি চাকরিজীবীদের এখন মূল অপেক্ষা প্রজ্ঞাপন প্রকাশের। গেজেট জারি হলেই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন, বেতন ফিক্সেশন এবং বর্ধিত বেতন ও বকেয়া পরিশোধের পরবর্তী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সূত্র: বিবিসি বাংলা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App