আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে দেশটিতে বাংলাদেশিদের ভিসা বাতিলের ঘটনা ঘটছে।
হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এসব প্রবাসী।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বাতিল করছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি পুনর্বিবেচনার জন্য দেশটির সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুন: রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস
নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি জানতে পেরেছেন, ভিসা বাতিল হওয়া বাংলাদেশির সংখ্যা এখন প্রায় ৪ হাজার ৮০০। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে প্রথমে ভিসা বাতিলের কারণ জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে যেসব ভিসা বাতিল করা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই করার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ।
ভুক্তভোগী প্রবাসীদের ভাষ্য, গত জুলাই থেকে অনেকের ভিসা কোনো পূর্ববার্তা ছাড়াই বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইল, কারও মোবাইল ফোন কিংবা সংশ্লিষ্ট কফিলের কাছে এ বিষয়ে বার্তা পাঠানো হচ্ছে। অনেকে ছুটিতে বাংলাদেশে এসে ভিসা বাতিলের খবর পাওয়ায় আর আমিরাতে ফিরতে পারছেন না।
এক প্রবাসী জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারসংক্রান্ত অভিযোগ নেই। আমিরাতে ব্যবসা ও পরিবার থাকলেও আকস্মিকভাবে ভিসা বাতিল হওয়ায় তিনি দেশে আটকা পড়েছেন। ফিরে যেতে না পারলে ব্যবসা ও জীবিকা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি মোকাবিলায় সরকারের কূটনৈতিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
আরো পড়ুন: আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর মতে, এর পেছনে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতির প্রভাব থাকতে পারে। তিনি আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের অভিজ্ঞতা ও যোগাযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
এদিকে, স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
