প্রজ্ঞাপনের পর এসআরবি নামে র্যাবের যাত্রা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুনভাবে যাত্রা শুরু করেছে বাহিনীটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে আজ থেকে সব কার্যক্রম শুরু করেছি।’
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে প্রকাশিত বাহিনীর লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে র্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর মূল নকশা অপরিবর্তিত রাখা হয়েছে।
এদিকে বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। পরদিন মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। এর একদিন পরই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।
আরও পড়ুন: গুলশান থানার ওসি প্রত্যাহার
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সময় বাহিনীটির সাফল্যের কথা বলা হলেও বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একপর্যায়ে র্যাব বিলুপ্তির দাবি ওঠে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব এবং বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র্যাব বিলুপ্তির সুপারিশ করে।
তবে ক্ষমতায় এসে বিএনপি সরকার বাহিনীটি পুরোপুরি বিলুপ্ত না করে এর কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যাস করেছে। এর অংশ হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন পরিচয়ে মাঠে থাকছে বাহিনীটি।
