গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি : সংগৃহীত
বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তবে স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। তাঁর ভাষ্য, গণমাধ্যমের স্বাধীনতার সীমা নির্ধারণের দায়িত্ব সরকার বা জনগণের নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আদালতের।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার ঠেকাতে গণমাধ্যমগুলোর নিজস্ব উদ্যোগে তথ্য যাচাইয়ের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রেস সচিব। তিনি বলেন, গুজব, গুঞ্জন ও অপপ্রচার রোধে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ বা তথ্য যাচাই কার্যক্রম থাকা প্রয়োজন। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহ্যগত ধারাবাহিকতা বজায় রেখে এবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে প্রেস সচিব বলেন, অতীতের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ঝুঁকি মোকাবিলা করে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।
