আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
ছবি : সংগৃহীত
রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি টার্মিনাল ফিডারের আওতাধীন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। টার্মিনাল ফিডারের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বিভ্রাটের আওতাধীন এলাকাগুলো হলো—সাতগাড়া মিস্ত্রিপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
