×

জাতীয়

অপ্রতিম হত্যায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

অপ্রতিম হত্যায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এক আসামিকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে আসা একের পর এক কলের সূত্র ধরে হত্যার রহস্য উন্মোচনের দিকে এগোচ্ছে তদন্ত।

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, অপ্রতিমের আইফোন নেওয়ার পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধও হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে এসব তথ্য জানান বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে করা হত্যা মামলায় সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুহিনকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে তুহিনকে হেফাজতে নেয় পুলিশ। তখন অপ্রতিমের মৃত্যুর বিষয়টি তদন্তকারীদের জানা ছিল না। পরে বেলা সাড়ে ১১টার দিকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের শুরুতে তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। তবে রাতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে তদন্তসংশ্লিষ্টরা জানান। একই সঙ্গে অন্যদের নাম প্রকাশ করতে সে রাজি হচ্ছিল না। তাদের নাম না বলার বিষয়ে সে ‘ওয়াদাবদ্ধ’ ছিল বলেও জানায়।

এ সময় তুহিনের মোবাইল ফোনে একের পর এক কল আসতে থাকে। অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা এক কিশোর ওই ফোনে কল করছিল। বিষয়টি তদন্তকারীদের নজরে এলে ওই কিশোরকেও হেফাজতে নেওয়া হয়। তখন তার পরনে ছিল অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানের নাম লেখা একটি টি-শার্ট।

পরে তুহিন আরও একজনের নাম জানালে তাকেও হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে অপ্রতিমের আইফোন নেওয়ার পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের বিষয়টিও সামনে আসে।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ইয়েসটেকে ওই কিশোর কাজ করত। অপ্রতিম তার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নিয়েছিল বলে জানা গেছে। পরে সেই টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, টাকা ফেরত চাওয়ায় ওই কিশোর অপ্রতিমের ওপর ক্ষুব্ধ ছিল। অপ্রতিম মারা গেলে টাকা ফেরত দিতে হবে না—এমন চিন্তা থেকেও হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলমান।

ড. কামরুন নাহাত শীলা জানান, গ্রেপ্তার হওয়া কিশোরটি অপ্রতিমের বাবার দোকানে ঘটনার মাত্র ১০ দিন আগে বিনা বেতনে কাজ শুরু করেছিল।

তিনি আরও জানান, অপ্রতিমের মা ড. নাহিদা বেগম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। ওই ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন নাহিদা বেগম।

ড. কামরুন নাহাত শীলা বলেন, নাহিদা বেগম চান, পুলিশ তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করুক—আগের কোনো ঘটনার প্রতিশোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে কি না।

নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার বেলা আড়াইটার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরে শনিবার বেলা ১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবাসিক হোটেলে যুবকের মরদেহ, কথিত স্ত্রী আটক

আবাসিক হোটেলে যুবকের মরদেহ, কথিত স্ত্রী আটক

এবার বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ

আসামিদের জামিন এবার বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বিক্ষোভ

গাজী নজরুলের বিচারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

গাজী নজরুলের বিচারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

মসজিদে ঢুকে কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

মসজিদে ঢুকে কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App